রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। এ নিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এসময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এরপর গতকাল ২৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুর প্রকল্প।