ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না।
মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে তা আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি।
এদিকে মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে গরম অনুভূত হয়।