তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলার মধ্যেই শ্রম ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকদের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়।
বৈঠক শুরুর পর থেকেই ওই ভবনের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে অবস্থান নেন কয়েকশত তৈরি পোশাক শ্রমিক। তারা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি স্পষ্ট, শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”