মানবসভ্যতার ইতিহাসে জেনোসাইড এমন এক অপরাধ, যা কেবল একটি জনগোষ্ঠীর অস্তিত্বকে বিপন্ন করে না, বরং মানবতার মৌলিক মূল্যবোধ, সভ্যতার বিবেক এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিকেও গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।
জাতি, ধর্ম, বর্ণ কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রচেষ্টা মানবতার বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি।
রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বতন্ত্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করে আসছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক অধিকার নানা বিধিনিষেধের আওতায় পড়ে।
বিশেষ করে ১৯৮২ সালের মিয়ানমারের নাগরিকত্ব আইন রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা তৈরি করে। এর ফলে বৃহৎ জনগোষ্ঠী রাষ্ট্রের মৌলিক নাগরিক অধিকার ও সুরক্ষা থেকে কার্যত বঞ্চিত হয়।
২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান এবং সহিংসতার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযান রোহিঙ্গাদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে এবং ২০১৭ সালে সংঘটিত সামরিক অভিযান আধুনিক বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের এক গভীর সংকটের জন্ম দেয়।
হাজার হাজার মানুষের প্রাণহানি, অসংখ্য মানুষের ওপর নির্যাতন এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক কঠিন নৈতিক ও আইনগত প্রশ্ন উত্থাপন করে।১
প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ২০১৭ সালে প্রাণভয়ে পালিয়ে আসা দশ লাখ রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে আশ্রয় দিয়ে বিশ্বদরবারে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। দীর্ঘ প্রায় এক দশক ধরে কক্সবাজার ও ভাসানচরে এই বিশাল জনগোষ্ঠীর ভরণপোষণ, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের অর্থনীতির ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক সহায়তা ক্রমাগত কমে আসায় এই সংকট মোকাবিলা করা দিন দিন কঠিন হয়ে পড়ছিল। এই প্রেক্ষাপটে, ১৯ নভেম্বর ২০২৬ তারিখে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice-ICJ)২ ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইডের জন্য দায়ী করে রায় দিয়েছে।
এটা বাংলাদেশের জন্য এক বিশাল কূটনৈতিক বিজয় ও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আদালতের রায়ে রোহিঙ্গাদের ‘নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের’ যে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের দীর্ঘদিনের ন্যায্য দাবিকে আইনগত বৈধতা দিলো।
এর ফলে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হলে দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর থেকে দীর্ঘমেয়াদি বোঝা লাঘব হওয়ার পথ সুগম হবে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালের নভেম্বর মাসে পশ্চিম আফ্রিকার রাষ্ট্র গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলাটি দায়ের করা হয় ১৯৪৮ সালের Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, অর্থাৎ Genocide Convention-এর অধীনে।
গাম্বিয়ার মূল অভিযোগ ছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে এমন কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা জেনোসাইড সনদের দ্বিতীয় অনুচ্ছেদে বর্ণিত জেনোসাইডের সংজ্ঞার অন্তর্ভুক্ত।
এখানে একটি গুরুত্বপূর্ণ আইনগত বিষয় উল্লেখ করা প্রয়োজন। জেনোসাইড সনদের অধীনে মামলা পরিচালনার জন্য কোনো রাষ্ট্রের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া অপরিহার্য নয়। বরং সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহের ওপর জেনোসাইড প্রতিরোধ ও শাস্তি প্রদানের একটি যৌথ আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে।