কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমতির দিকে। তবে শীত মৌসুম শুরু হতেই ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। যা শীতজুড়ে সর্বোচ্চ পর্যায়ে থাকে। দূষণের মাত্রা কমলেও পরিস্থিতি সন্তোষজনক নয়।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে আছে ঢাকা। সংস্থাটির সকাল ৭টা থেকে ৮টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৫৫, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
রিয়েল-টাইম একিউআই স্টেশন র্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা খুব অস্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ২১৩, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
র্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে— গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বাড্ডার প্রগতি সরণি, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বারিধারা পার্ক রোড, গুলশান লেক পার্ক ও বারিধারা লেকসাইড।