মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার্সের এ ব্লকের চার নম্বর সড়কে এলপিজির খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ইউনিটি এনার্জি সলিউশনে দরকষাকষি করে ১২ কেজির বোতল নিলেন প্রকাশক আলমগীর রুমি।
সেখানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সরকার দাম দিছে একটা। দোকানে আরেকটা। সবগুলোই একই গ্যাস, একেকটার একেক দাম কেন, এই নিয়ে একটু ‘হট টক’ হল।”
রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন বাড়িয়েও সরকার নির্ধারিত সেই দামে এলপিজি মিলছে না খুচরা বাজারে।
কোথাও ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ১২ কেজির সিলিন্ডার। খুচরা বিক্রেতারা বাড়তি দামের জন্য পরিবেশকদের দায়ী করছেন। পরিবেশকদের অভিযোগ, কিছু কোম্পানি বেশি দামে গ্যাস সরবরাহ করছে। আবার কিছু খুচরা বিক্রেতা ইচ্ছামতো দামও নিচ্ছেন।
অপরদিকে আমদানিকারকদের বক্তব্য, বাজারে গ্যাস সরবরাহ করা তাদের দায়িত্ব। নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
বিষয়টি নিয়ে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো এক কর্মকর্তা বলছেন, অসাধু ব্যবসায়ীরা নিজেদের মধ্যে যোগসাজশ করে বেশি দামে এলপিজি বিক্রি করছেন।