জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপ বা মতবিনিময় শুরু হচ্ছে আজ সোমবার। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রথম দল হিসেবে সংলাপে অংশ নিচ্ছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজকের সংলাপে জাতীয় ঐক্যের জন্য ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে প্রধানমন্ত্রীকে দুটি শর্ত দেবে দলটি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।
প্রথম দল হিসেবে এনসিপির নেতারা আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসছেন। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।
জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে। জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় যাবেন। ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।