গ্রিসে যাওয়ার জন্য ১৪ লাখ টাকা জোগাড় করতে পরিবারের জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরে তানভীর আহমেদ হাদীকে। দালালের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসভরা রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান তিনি। কিন্তু যে কাজের আশায় দেশ ছেড়েছিলেন, তা জোটেনি। এখন গ্রিসের লেরোস দ্বীপের একটি আটককেন্দ্রে দিন কাটছে তাঁর। খাবারের খরচ জোগাতে এখনো বাড়ি থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হয়।
তানভীরের অভিযোগ, আটককেন্দ্রে দিনে একবার যে খাবার দেওয়া হয়, তা অনেক সময় খাওয়ার উপযোগী থাকে না। বাড়ি থেকে টাকা না পাঠালে না খেয়ে থাকতে হবে বলে জানান তিনি।
তানভীরের মতো অনেক বাংলাদেশি সমুদ্রপথে বিপজ্জনক যাত্রা শেষে গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকা পড়েছেন। এর মধ্যে লেরোস, কোস, সামোস ও লেসবোসের অভিবাসী আটককেন্দ্রে থাকা নয়জন বাংলাদেশির সঙ্গে প্রথম আলোর মুঠোফোনে কথা হয়েছে। তাঁদের দাবি, ৮ হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন দ্বীপে আটকা আছেন।
অন্যদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। তবে গ্রিসের রাজধানী এথেন্সকেন্দ্রিক বাংলাদেশ-সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এ সংখ্যা আরও বেশি হবে।
এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ইতিমধ্যে দেশটিতে আশ্রয় চেয়ে আবেদনকারীদের মধ্যে দুই হাজার বাংলাদেশির আটক থাকার বিষয়টি গত সপ্তাহে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে গ্রিক সরকার। আটক বাকিদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে, সে প্রক্রিয়া শেষ হওয়ার পর গ্রিক সরকার বাংলাদেশ দূতাবাসকে অবহিত করবে।
ঢাকার সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারও গ্রিস থেকে একটি প্রতিবেদন পেয়েছে, যাতে অনিয়মিত পথে গ্রিসে গিয়ে অনেক বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় চাওয়ার কথা উঠে এসেছে।