ফেনীর সোনাগাজীতে বেসরকারি হাসপাতালে ডিঅ্যান্ডসি (গর্ভপাত-পরবর্তী জরায়ু পরিষ্কারের চিকিৎসাপদ্ধতি) করার পর শারীরিক অবস্থার অবনতি হওয়া কামরুন নাহার (৩২) নামের সেই গৃহবধূ মারা গেছেন। প্রায় দুই সপ্তাহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হামলার আশঙ্কায় সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কামরুন নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মাহফুজুল হক। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ডিঅ্যান্ডসি করার সময় চিকিৎসায় অবহেলার কারণে তাঁর (গৃহবধূর) জরায়ু ফুটো হয়ে যায়। অস্ত্রোপচারের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে বিভিন্ন জটিলতা দেখা দিলে তাঁকে একাধিক হাসপাতালে নেওয়া হয়। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মাহফুজুল হক জানান, অস্ত্রোপচারের পর তাঁর বোনের পেটে রক্ত ছড়িয়ে পড়ে। পরে খাদ্যনালিতে সংক্রমণ, ফুসফুসে পানি জমা ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। চিকিৎসায় অবহেলার কারণেই তাঁর বোনের মৃত্যু হয়েছে বলে তাঁরা মনে করছেন। এ ঘটনায় আগে করা অভিযোগের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।