২০২৫ সালে ভারতীয় ক্রিকেট দলের আসার কথা ছিল বাংলাদেশে। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় সিরিজটা এখনো মাঠে গড়ায়নি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও জানেন না দুই প্রতিবেশী দলের সিরিজ কবে হবে।
বাংলাদেশ-ভারত সিরিজ এক দফা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে নেওয়া হয়। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা এই সিরিজে। কিন্তু এবারও ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসেনি। শোনা যাচ্ছিল, আগামী বছরের জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সাদা বলের সিরিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তামিম বলেন, ‘এটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখন আপডেট দেওয়ার মতো অবস্থা থাকবে, আপনারাই সবার আগে জানতে পারবেন।’
পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শেষ হতে পুরো পাঁচদিনও লাগেনি। গত পরশু মাত্র চার দিনেই শেষ হয়ে যায় সেই ম্যাচ। এই ম্যাচ শেষ হতে না হতেই মহসিন নাকভি জানিয়েছেন, আগামী বছর একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হতে পারে বাংলাদেশে। নাকভি সম্ভাব্য সময় হিসেবে বিশ্বকাপের আগে উল্লেখ করেছিলেন। আজ তামিম বলেন, ‘এটা আসলে আমি বলতে চাইনি। আমার প্রতিপক্ষ দলের একজন সেটা বলে ফেলেছেন। আপনারা শুনেছেন যে সম্প্রতি পাকিস্তান থেকে এমনটা বলা হয়েছে। তিনি (মহসিন নাকভি) হয়তোবা ভুল... কিংবা ঠিক করে বলতে পারেননি। ঠিক এশিয়া কাপের আগে, বিশ্বকাপের আগে না।’