গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও গণহত্যার অভিযোগের মধ্যেও দেশটির কাছ থেকে অস্ত্র কেনা এবং সামরিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধীদলীয় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভারতের শক্তিশালী সম্পর্ক বজায় রাখা উচিত। অন্য কোনো দেশের স্বার্থ বা অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত নয়।
গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন রাহুল গান্ধী। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে আলোচনার সময় তিনি ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন।
রাহুল গান্ধী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে আমি পুরোপুরি সমর্থন করি।’ ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রাখার পেছনে ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে বলে যুক্তি দেন রাহুল। তাঁর মতে, ভারতের সশস্ত্র বাহিনীর জন্য কোন অস্ত্র সবচেয়ে ভালো, তা কেনার স্বাধীনতা নয়াদিল্লির থাকা উচিত। অন্য কোনো দেশের অগ্রাধিকার বা স্বার্থের কারণে ভারতের অস্ত্র কেনা কিংবা পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত নয়।