ভারতের কোনো নাগরিককে বিয়ে করলেই দেশটিতে বসবাসের নিঃশর্ত অধিকার পাওয়া যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে নির্দিষ্ট কোনো ধরনের ভিসা পাওয়ার অধিকারও স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় না বলে জানিয়েছেন আদালত। এই পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের পর্যটক ভিসা (ট্যুরিস্ট ভিসা) থেকে স্বামী বা স্ত্রীর জন্য নির্ধারিত ভিসায় (স্পাউস ভিসা) রূপান্তরের আবেদন করা এক মার্কিন নারীর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজন বলেন—কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ বা বসবাসের বিষয়টি রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগযোগ্য অধিকার নয়; বরং এটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ও বিবেচনার বিষয়।
আদালতের আদেশে বলা হয়, আবেদনকারী একজন বিদেশি নাগরিক। তিনি মূলত ভারতে নিজের অবস্থান নিশ্চিত করতে আদালতের নির্দেশনা চেয়েছেন। কিন্তু কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ বা বসবাসের স্বাভাবিক কিংবা আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার নেই। ভারতীয় নাগরিককে বিয়ে করার কারণে তাঁর বিদ্যমান ভিসা স্বয়ংক্রিয়ভাবে বা নিশ্চিতভাবে ‘এন্ট্রি (এক্স-১) ভিসায়’ রূপান্তরের অধিকারও তৈরি হয় না।