পরমাণু নীতিতে পরিবর্তন এনে ইরানের পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাওয়ার বিরোধিতা করছে চীন ও রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী অবস্থানে রয়েছে দেশ দুটি। তবে ইরানের অভ্যন্তরে বিশেষ করে কট্টরপন্থী রাজনৈতিক মহলে এ নীতি পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আল আরব আল–জাদিদের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরান ডেইলি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়টি ‘ব্যাপক ও গুরুত্বপূর্ণ’। এ নিয়ে দেশটির অভ্যন্তরে যেমন সমর্থক রয়েছেন, তেমনি বিরোধিতাকারীও রয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়া ও চীনও ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী।’ উল্লেখ্য, দেশ দুটির সঙ্গে ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে।