বিশ্বজুড়ে দীর্ঘ জল্পনাকল্পনা আর অডিশনের পর অবশেষে ঘোষণা করা হয়েছে পরবর্তী জেমস বন্ডের নাম। কালজয়ী এই ব্রিটিশ গোয়েন্দা চরিত্রে এবার দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। প্রখ্যাত নির্মাতা ডেনিস ভিলেনিউভের পরিচালনায় আসন্ন বন্ড সিনেমায় ০০৭-এর আইকনিক স্যুটে ধরা দেবেন তিনি। ক্যালাম টার্নার, জ্যাক লোডেন এবং জশ ও’কনরের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে প্যাটিনসন এই চরিত্র নিজের করে নিয়েছেন। পর্দায় তিনি বন্ড হিসেবে কেমন অভিনয় করবেন, তা দেখতে দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে ফ্যাশন বোদ্ধাদের মতে, প্যাটিনসনের দীর্ঘদিনের রেড কার্পেট স্টাইল প্রমাণ করে, বন্ড হওয়ার আসল ফ্যাশন ডিএনএ তাঁর রক্তেই রয়েছে।
টাক্সিডো ও স্যুটের প্রতি আজন্ম ভালোবাসা
জেমস বন্ড চরিত্রটির অন্যতম প্রধান আকর্ষণ হলো তাঁর নিখুঁত স্যুটের সংগ্রহ। মজার ব্যাপার হলো, বাস্তব জীবনেও রবার্ট প্যাটিনসন বছরের পর বছর ধরে বিভিন্ন বড় আয়োজন এবং রেড কার্পেটে বৈচিত্র্যময় স্যুট ও টাক্সিডো পরে আসছেন। ফ্যাশন দুনিয়ায় একটি কথা প্রচলিত আছে, টাক্সিডোতে নিজেকে দারুণভাবে উপস্থাপন করতে পারা মানেই বন্ড হওয়ার অর্ধেক কাজ সেরে ফেলা। প্যাটিনসনের অতীতের রেড কার্পেট লুকগুলো দেখলেই বোঝা যায়, এই পোশাকে তিনি কতটা সাবলীল।