লেবাননের প্রেসিডেন্ট যোশেফ আউন তার দেশের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন তিনি।
আল জাজিরা জানিয়েছে, লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধ্যা রাতে এক ভাষণে আউন বলেন, “লেবানন দুটি পরস্পর সংযুক্ত ভাগ্যনির্ধারক পরীক্ষার মুখোমুখি। প্রথমটি হল, আমাদের ভূমির কিছু অংশে ইসরায়েলি দখলদারিত্ব আর দ্বিতীয়টি হল, লেবানন রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র ও সিদ্ধান্তের মাধ্যমে ইরানি শাসকগোষ্ঠীর কিছু প্রভাবশালী পক্ষের বিদেশি হস্তক্ষেপ।”
তিনি যোগ করেন, “অবিচ্ছেদ্যভাবে যুক্ত এই দুটি মৌলিক প্রতিবন্ধকতার অর্থ হল লেবানন তার স্বাধীনতা পুরোপুরি উদযাপন করতে পারছে না।”
ইসরায়েলের প্রতি দাবি জানিয়ে আউন বলেন, “লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে যান। আপনাদের হামলা বন্ধ করুন। আমাদের বন্দিদের ফিরিয়ে দিন।”
ইসরায়েলের আটক কেন্দ্রগুলোতে বহু লেবাননি নাগরিককে বন্দি করে রাখা হয়েছে বলে বিশ্বাস করা হয়। এসব বন্দির মধ্যে বেসামরিকদের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যরাও আছেন। দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় হিজবুল্লাহর এসব সদস্যকে বন্দি করা হয়।