গত এক দশকের বেশি সময় ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একটি বিশেষ ইউনিটের এখতিয়ার ছিল কোনো বিক্ষোভ সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না মনে হলে তা দমন করতে টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহারের মতো আক্রমণাত্মক কৌশল গ্রহণের। এমনকি এ গ্রুপের সদস্যরা পিস্তলের মতো ছোট আকৃতির আগ্নেয়াস্ত্র ছাড়াও ভীতি উদ্রেককারী দীর্ঘাকৃতির আগ্নেয়াস্ত্র বহন করতে পারত। ২০১৫ সালে ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) নামে সিটি পুলিশের এ দলটি গঠনের পর থেকে বিভিন্ন সময়ে বিক্ষোভ দমনের নামে অতিরিক্ত পীড়নমূলক ও মানবাধিকার লঙ্ঘনকারী সামরিক ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য বিতর্কিত ও সমালোচিত ছিল।
বছরের পর বছর ধরে এ ইউনিটটির বিরুদ্ধে প্রচুর অভিযোগ, মামলা এবং ব্যয়বহুল আইনি নিষ্পত্তিও হয়েছে। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ইউনিটটির সদস্যদের বিরুদ্ধে সাড়ে সাতশর বেশি অভিযোগ করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিল অনেক। মামলাগুলোর ৯১ শতাংশই করা হয়েছিল কৃষ্ণাঙ্গসহ অশ্বেতাঙ্গদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এসআরজির বর্ণ-বিদ্বেষমূলক আচরণ ও বলপ্রয়োগের অভিযোগে। মাত্র ৯ শতাংশ অভিযোগ করেছিল শ্বেতাঙ্গ ভুক্তভোগীরা। শুধু ২০২০ সালের কয়েকটি বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ ও অসদাচরণের জন্য ৪৬ জন ‘এসআরজি’ সদস্যের বিরুদ্ধে ২৯২টি অভিযোগ করা হয়েছিল।