২০ নভেম্বর ২০২৬ এপেক সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে বর্তমান সময়ের তিন গুরুত্বপূর্ণ নেতার বৈঠক বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় ছিল। বলা চলে এপেক সম্মেলনে এই তিন নেতাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিশ্বনেতার উপস্থিতি এবং এশীয়-প্রশান্ত মহাসগরীয় অঞ্চলকে ঘিরে নিজেদের মধ্যে অর্থনৈতিক কৌশল নির্ধারণের মতো বিষয়ের গুরুত্বকে উপেক্ষা করে এই তিন নেতার বৈঠকে কি আলোচনা হতে যাচ্ছে সেসবই মুখ্য হয়ে ওঠে।
যুদ্ধ বন্ধ এবং বৈশ্বিক জ্বালানি অস্থিরতাসহ অপরাপর সমস্যাগুলোর সমাধানে তারা কী ধরনের সিদ্ধান্তে আসতে পারেন–এসবকিছু ছাপিয়ে যখন পরমাণু অস্ত্রের বিস্তার এই আলোচনায় মুখ্য হয়ে ওঠে, তখন এর থেকে বৈশ্বিক পরিস্থিতির উন্নয়নে খুব বেশি কিছু আশা করা যায় না। তবে আলোচনার ফলাফল যে খুব একটা ফলপ্রসূ হবে না, এটা মোটামুটি অনুমেয় ছিল।
১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সাথে অনেকেই এবারের তিন বিশ্বনেতার বৈঠককে তুলনা করতে চাইছিলেন। সেসময় দ্বিতীয় বিশ্বের বিভীষিকা থেকে বিশ্বকে উদ্ধার করতে, জার্মান এবং জাপানের শক্তিকে খর্ব করতে সেসময়কার তিন বিশ্বনেতা জোসেফ স্তালিন (সোভিয়েত ইউনিয়ন), ফ্রাংকলিন ডি রুজভেল্ট (যুক্তরাষ্ট্র) এবং উইনস্টন চার্চিল (ব্রিটেন) যুগান্তকারী ভূমিকা পালন করেন, যা নিয়ে পারস্পরিক ঐকমত্যের ক্ষেত্রে অভাব থাকলেও জাতিসংঘের মতো সংস্থার জন্ম হয় এবং একপর্যায়ে আলোচনার ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।