প্রতিবেশী দেশ বাহরাইনে ফের হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ হামলাকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ উল্লেখ করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এতে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স দলগুলো কাজ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম বা অবস্থান উল্লেখ করেনি।
এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যৌথ অভিযান চালিয়েছে। সেই অভিযানে ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা সিস্টেমের রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।