চলতি বছর দেশে মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। বেশ কিছুদিন আগেই গত বছরের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে। বর্ষা শেষ হয়ে শীতের আগমনী বার্তা এলেও পরিস্থিতির উন্নতি হয়নি। নভেম্বরেও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। লক্ষণীয় বিষয় হচ্ছে, এ মাসে মারা যাওয়া ব্যক্তিদের প্রায় শতভাগ রোগটির জটিল পর্যায় ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়েছিল। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ও রোগতত্ত্ববিদেরা।
সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সাড়ে ৫ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এ পর্যন্ত মারা গেছে ৫১৬ জন ডেঙ্গু রোগী। নভেম্বরের ২১ দিনেই মৃত্যু হয়েছে ৯৭ জনের। তাদের মধ্যে ৯৫ জনই ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন থেকে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে। ওই মাসে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে। তার পর থেকে সংখ্যাটি লাফিয়ে বাড়তে থাকে। অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় প্রায় ৫৩ হাজার রোগী। মৃত্যুর হিসাবেও জুনের পর থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। জুনে ১৩ জনের পর জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবরে ১৭৪ জন মারা যায়।