বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। তখন অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।
তবে ইসলাম ও খ্রিষ্টান—দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। ২০২০ থেকে ২০৭০ সাল—এ ৫০ বছরের মধ্যে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে। এ সময়ে ২০২ কোটি থেকে বেড়ে তাঁদের সংখ্যা দাঁড়াতে পারে ৩৬৪ কোটিতে।
অন্যদিকে, একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে। ২০২০ সালে তাঁদের সংখ্যা ছিল ২২৭ কোটি। তাঁদের সংখ্যাগত এ বৃদ্ধি মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।