শীতকালে গলা ব্যথা, টনসিল ফুলে যাওয়া, জ্বর কিংবা ঢোক গিলতে কষ্ট হওয়া খুবই পরিচিত সমস্যা। অনেক সময় কয়েক দিন ওষুধ খাওয়ার পর এসব উপসর্গ সেরেও যায়। কিন্তু গলা ব্যথা ভালো হওয়ার দুই থেকে চার সপ্তাহ পর যদি হঠাৎ গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কারণ, এটি হতে পারে রিউম্যাটিক ফিভারের লক্ষণ। সময়মতো চিকিৎসা না হলে এ রোগে হার্টের ভাল্ভ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভারতীয় চিকিৎসক এসএ মল্লিকের মতে, রিউম্যাটিক ফিভারের কারণে শুধু গাঁটেই সমস্যা হয় না, হৃদ্যন্ত্রেও মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তাই গলা ব্যথার পর নতুন করে জ্বর, গাঁটে ব্যথা কিংবা বুক ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।
কেন হয় রিউম্যাটিক ফিভার?
রিউম্যাটিক ফিভারের পেছনে রয়েছে গ্রুপ এ স্ট্রেপটোকক্কাস পায়োজিনেস নামের এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার সংক্রমণে গলায় প্রদাহ, টনসিল ফুলে যাওয়া, গলায় পুঁজ জমা এবং গলার পাশের লসিকাগ্রন্থি ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
এ ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কখনো কখনো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ কোষকেও আক্রমণ করে। একে বলা হয় অটোইমিউন প্রতিক্রিয়া। এর ফলেই রিউম্যাটিক ফিভার হতে পারে। সাধারণত গলার সংক্রমণের কয়েক সপ্তাহ পর এ রোগের লক্ষণ প্রকাশ পায়।