আমরা এমন এক সমাজে বসবাস করছি, যেখানে বিপদে পড়লে প্রতিবেশীর দরজায় কড়া নাড়ার কথা, অথচ অনেক ক্ষেত্রে সেই দরজাটিই হয়ে উঠছে আতঙ্কের উৎস। একসময় আগুন লাগলে প্রতিবেশী ছুটে আসতেন, অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে এগিয়ে যেতেন, বাড়িতে কেউ না থাকলে ঘরের দিকে নজর রাখতেন, সন্তানকে চোখে চোখে রাখতেন।
পারিবারিক শোক, আনন্দ কিংবা সংকটে প্রতিবেশীরাই ছিলেন প্রথম সান্ত্বনা, প্রথম সহযোগী। কিন্তু সময়ের পরিবর্তনে সেই সামাজিক সম্পর্কের জায়গায় ক্রমশ বিস্তার ঘটছে সন্দেহ, ঈর্ষা, স্বার্থপরতা, প্রতিযোগিতা ও বৈরিতার। কোথাও জমি নিয়ে বিরোধ, কোথাও বাড়ির সীমানা নিয়ে শত্রুতা, কোথাও রাজনৈতিক পরিচয়ের কারণে সম্পর্কচ্ছেদ, আবার কোথাও আর্থিক সচ্ছলতা কিংবা সামাজিক প্রতিষ্ঠা অর্জন করায় প্রতিবেশীর প্রতি বিদ্বেষ। এমনকি ব্যক্তিগত সাফল্যকে অভিনন্দন জানানোর পরিবর্তে তা কীভাবে ব্যর্থতায় পর্যবসিত করা যায়, সেই মানসিকতাও সমাজের বিভিন্ন স্তরে লক্ষ করা যায়।
সামাজিক নিরাপত্তা বলতে আমরা সাধারণত আইনশৃঙ্খলা, পুলিশি সুরক্ষা, রাষ্ট্রীয় সহায়তা কিংবা সামাজিক সুরক্ষা কর্মসূচিকে বুঝি। কিন্তু নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক স্তম্ভ হচ্ছে প্রতিবেশী। পরিবারের সদস্যরা সব সময় পাশে থাকতে পারেন না; পুলিশ প্রতিটি মুহূর্তে প্রতিটি বাড়ির দরজায় পাহারা দিতে পারে না। সেই শূন্যস্থান পূরণ করেন কাছের মানুষ, পাশের বাড়ির বাসিন্দা এবং স্থানীয় সমাজ। ফলে প্রতিবেশী কেবল ভৌগোলিক নৈকট্যের পরিচয় নন, তিনি সামাজিক নিরাপত্তার দ্বিতীয় অভিভাবক। সেই অভিভাবক যখন বৈরী হয়ে ওঠেন, তখন মানুষের নিরাপত্তার সংকট শুধু বাড়ির সীমানায় সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে গোটা সামাজিক ব্যবস্থায়।
বাংলাদেশের বর্তমান জটিল রাজনৈতিক-সামাজিক বাস্তবতায় বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিভাজন, দলীয় আনুগত্যের প্রতিযোগিতা, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং পারস্পরিক আস্থার অবক্ষয় অনেক ক্ষেত্রে প্রতিবেশী সম্পর্ককে বিষিয়ে তুলছে।
একই মহল্লায় বসবাস করেও মানুষ একে অন্যকে সন্দেহ করছে। কারও রাজনৈতিক পরিচয়, ধর্মীয় মত, পেশাগত সাফল্য কিংবা সামাজিক অবস্থানকে কেন্দ্র করে তৈরি হচ্ছে দূরত্ব। কোথাও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিবেশীকে কোণঠাসা করার চেষ্টা, কোথাও স্থানীয় ক্ষমতাবানদের আশ্রয়ে জমি দখল কিংবা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, আবার কোথাও ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রং দিয়ে প্রতিপক্ষকে শায়েস্তা করার প্রবণতা দেখা যায়।
প্রতিবেশী বৈরিতার অন্যতম কারণ হলো মানুষের মধ্যে ক্রমবর্ধমান স্বার্থকেন্দ্রিকতা। আধুনিক জীবনে ব্যক্তিগত অর্জন, সম্পদ, বাড়ি, গাড়ি, চাকরি কিংবা সামাজিক মর্যাদাকে সাফল্যের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। অথচ অন্যের উন্নতিকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার পরিবর্তে কেউ কেউ সেটিকে নিজের ব্যর্থতার সঙ্গে তুলনা করেন। ফলে জন্ম নেয় ঈর্ষা, প্রতিহিংসা ও গোপন প্রতিযোগিতা।
এ সংকটের সঙ্গে যুক্ত হয়েছে জমি ও সম্পত্তিকেন্দ্রিক বিরোধ। বাংলাদেশের জনঘনত্ব, নগরায়ণ এবং জমির ক্রমবর্ধমান মূল্য অনেক এলাকায় প্রতিবেশী সম্পর্ককে আরও স্পর্শকাতর করে তুলেছে। সীমানাপ্রাচীর, চলাচলের পথ, পানি নিষ্কাশন, গাছের ডাল, ছাদের পানি, গাড়ি রাখার জায়গা কিংবা বাড়ির সম্প্রসারণ নিয়ে বিরোধ কখনো দীর্ঘস্থায়ী শত্রুতায় রূপ নেয়। ছোট একটি বিরোধের সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হলেও অহংবোধ, প্রভাব বিস্তারের চেষ্টা এবং আপস করতে অনীহার কারণে তা মামলা, হামলা কিংবা সংঘর্ষ পর্যন্ত গড়াতে পারে।