শীতের সকালে কনকনে ঠান্ডা পানিতে গোসল করার কথা ভাবলেই অনেকের গায়ে কাঁটা দেয়। তাই চটজলদি পানি গরম করার সহজ সমাধান হিসেবে বহু পরিবারেই এখন ইমারশন রডের কদর বেশ। গিজারের মতো ঝক্কি নেই, দামও হাতের নাগালে। বালতিভর্তি পানিতে রডটি ডুবিয়ে সুইচ অন করলেই মিনিট কয়েকের মধ্যে ধোঁয়া ওঠা গরম পানি হাজির। তবে আরামের এই সঙ্গীটি মাস শেষে আপনার বিদ্যুৎ বিলের কাগজে ঠিক কতটা চাপ বাড়াচ্ছে, সে হিসাব কি কখনো কষে দেখেছেন?
ইমারশন রড ঠিক কতটুকু বিদ্যুৎ টানবে, তা মূলত এর ক্ষমতার (ওয়াট) ওপর নির্ভর করে। আমাদের দেশের বাজারে সাধারণত ১০০০, ১৫০০ এবং ২০০০ ওয়াটের রডই সবচেয়ে বেশি চলে। সহজ কথায়, রডের ওয়াট যত বেশি হবে, পানি গরম করতে গিয়ে মিটারের চাকাও তত দ্রুত ঘুরবে।
প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ পুড়ছে?
বিদ্যুৎ খরচের হিসাবটা বোঝা খুব একটা কঠিন নয়। সাধারণ নিয়ম হলো, ১০০০ ওয়াটের যেকোনো বৈদ্যুতিক যন্ত্র টানা এক ঘণ্টা চললে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এই সূত্র ধরে হিসাব করলে দেখা যায়—
১০০০ ওয়াটের রড: প্রতিদিন ১ ঘণ্টা চালালে বিদ্যুৎ খরচ হবে ১ ইউনিট।
১৫০০ ওয়াটের রড: একই সময়ে বিদ্যুৎ পুড়বে ১.৫ বা দেড় ইউনিট।
২০০০ ওয়াটের রড: টানা ১ ঘণ্টায় খরচ হবে পুরো ২ ইউনিট বিদ্যুৎ।
মাস শেষে পকেট থেকে কত টাকা খসবে?
ইউনিটের হিসাব তো বোঝা গেল, এবার টাকার অঙ্কে আসা যাক। ধরুন, আপনার বাড়িতে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দর ৭ টাকা ৫০ পয়সা এবং শীতের পুরো মাসজুড়ে আপনি প্রতিদিন নিয়ম করে ১ ঘণ্টা রডটি ব্যবহার করছেন। সে ক্ষেত্রে—
১০০০ ওয়াটের রডে: আপনার দৈনিক খরচ পড়বে ৭ টাকা ৫০ পয়সা। ৩০ দিন শেষে বিলের খাতায় যুক্ত হবে ২২৫ টাকা।
১৫০০ ওয়াটের রডে: প্রতিদিন খরচ হবে ১১ টাকা ২৫ পয়সা। মাস শেষে এই অঙ্কটা দাঁড়াবে ৩৩৭ টাকা ৫০ পয়সায়।
২০০০ ওয়াটের রডে: দৈনিক খরচ পড়বে ১৫ টাকা। অর্থাৎ, পুরো মাসে শুধু পানি গরম করতেই আপনার গুনতে হবে ৪৫০ টাকা।