প্রেম মানেই আনন্দ, আবেগ, ভালো লাগা আর একসঙ্গে সুন্দর কিছু মুহূর্ত তৈরি করা। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, তার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়া কিংবা সম্পর্কের স্বার্থে কিছুটা ছাড় দেওয়া-এসবই ভালোবাসার স্বাভাবিক প্রকাশ। কিন্তু কখনো কখনো কাউকে ভালো রাখতে গিয়ে মানুষ নিজের ভালো থাকাটাই ভুলে যান। সঙ্গীর ইচ্ছা, পছন্দ, অভিমান কিংবা মন খারাপের ওপর নির্ভর করতে শুরু করে নিজের প্রতিদিনের জীবন। একসময় নিজের অনুভূতি, শখ, বন্ধুত্ব এমনকি ব্যক্তিগত পরিচয়ও যেন হারিয়ে যেতে থাকে।
শুরুতে বিষয়টি ভালোবাসা কিংবা সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা মনে হতে পারে। কিন্তু দীর্ঘদিন নিজের ইচ্ছাকে উপেক্ষা করতে থাকলে মানসিক ক্লান্তি, হতাশা ও আত্মবিশ্বাসের অভাব তৈরি হতে পারে। সম্পর্কবিষয়ক আলোচনায় এমন কিছু আচরণের কথা উঠে আসে, যেগুলো ইঙ্গিত দিতে পারে-আপনি হয়তো ভালোবাসার সম্পর্কে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলছেন। মিলিয়ে দেখুন, আপনার মধ্যেও কি রয়েছে এমন লক্ষণ?
মনের কষ্ট প্রকাশ করতেও ভয় পান
সঙ্গীর কোনো কথা বা আচরণে কষ্ট পেলেও মুখ ফুটে কিছু বলতে পারেন না। মনে হয়, নিজের অনুভূতির কথা জানালে তিনি মন খারাপ করবেন, রেগে যাবেন কিংবা দুজনের মধ্যে ঝগড়া তৈরি হবে। তাই কষ্ট চেপে রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করেন। বারবার এমন করতে করতে একসময় নিজের মনের কথাগুলো প্রকাশ করাই কঠিন হয়ে ওঠে।
মনে রাখা উচিত, সম্পর্কের শান্তি বজায় রাখার দায়িত্ব শুধু একজনের নয়। সুস্থ সম্পর্কে দুজনেরই নির্ভয়ে নিজের ভালো লাগা, খারাপ লাগা ও মতামত প্রকাশের সুযোগ থাকা প্রয়োজন। মতের অমিল মানেই সম্পর্কের অবনতি নয়; বরং পারস্পরিক বোঝাপড়া তৈরির একটি সুযোগ।
নিজের জন্য সময় চাইলেও অপরাধবোধ হয়
বন্ধুদের সঙ্গে দেখা করা, নিজের পছন্দের কোনো কাজ করা কিংবা একান্তে কিছুটা সময় কাটানো-এসবই ব্যক্তিগত জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু সঙ্গীকে সময় না দিলে তিনি কষ্ট পাবেন, এমন আশঙ্কায় নিজের সব পরিকল্পনা বাতিল করে দেন। নিজের প্রয়োজনের চেয়ে তার চাহিদাকেই সবসময় বেশি গুরুত্ব দেন। এভাবে চলতে থাকলে নিজের জন্য সময় চাওয়াটাও একসময় অপরাধের মতো মনে হতে পারে। অথচ ভালোবাসার অর্থ সারাক্ষণ একসঙ্গে থাকা নয়। দুজন মানুষের আলাদা সময়, পছন্দ ও ব্যক্তিগত পরিসর থাকা একটি সুস্থ সম্পর্কেরই অংশ।