ঝাল খাবারের পর পেটের অস্বস্তি কমাবে যে পানীয়
ঝাল খাবার খাওয়ার পর অনেকেরই পেটে নানা সমস্যা দেখা দেয়। এর কারণ মরিচে থাকা ক্যাপসাইসিন নামের রাসায়নিক উপাদান। বুচারবক্সের পুষ্টিবিদ অ্যামি শাপিরোর মতে, এই উপাদানের কারণে পেটে মোচড় দেওয়া থেকে শুরু করে ডায়রিয়া পর্যন্ত হতে পারে।
তবে ঝাল খাবার খাওয়ার পর দীর্ঘ সময় অস্বস্তিতে ভুগতে হবে, এমন নয়। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং পেটের অস্বস্তি কমাতে একটি বিশেষ পানীয় পান করার পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ। মজার বিষয় হলো, পানীয়টিতেও রয়েছে ঝাঁজ।
ঝাল খাবারের পর পেটের জন্য সবচেয়ে ভালো পানীয়
অতিরিক্ত ঝাল খাবার খাওয়ার পর এক কাপ আদা চা পান করার পরামর্শ দিয়েছেন অ্যামি শাপিরো। তার মতে, হজমের সমস্যা কমাতে বহু শতাব্দী ধরে আদা ব্যবহৃত হয়ে আসছে। গবেষণাতেও এর উপকারিতার প্রমাণ পাওয়া গেছে।
আদায় থাকা জিঞ্জেরল ও শোগাওল নামের সক্রিয় উপাদান পাকস্থলী থেকে খাবার দ্রুত অন্ত্রে যেতে সাহায্য করে। পাশাপাশি বমিভাব কমায় এবং প্রদাহবিরোধী উপাদান হিসেবে কাজ করে। ফলে পরিপাকতন্ত্রের অস্বস্তি প্রশমিত হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- পানীয়
- পেটের সমস্যা