আওয়ামী লীগের নাশকতায় কেন এখনই কঠোর হচ্ছে না সরকার, পরিকল্পনা কী

প্রথম আলো প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক কৌশল নিয়েও এগোচ্ছে সরকার। এরই মধ্যে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন।


অন্যদিকে সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করেছে।


সরকার ও বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের চলমান সহিংসতাকে উসকানি হিসেবে দেখছে সরকার। তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা চাইছেন, নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগ—এমন মূল্যায়ন রয়েছে সরকারের ভেতরে। তবে সরকার এ ধরনের উসকানিতে পা দিতে চায় না।


এ কারণে বিশেষ করে গোপালগঞ্জের চলমান ঘটনাপ্রবাহে এখন পর্যন্ত বলপ্রয়োগ বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার নির্দেশনা রয়েছে বলে সরকারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তারা বলছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি আরও অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে।


এর মধ্যে গোপালগঞ্জে সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।


পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এ সময় পুলিশের তিনটি স্থাপনা ও ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা, আগুন ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। নাটোরে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও