গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে মুসাদ্দিকের বাড়িতে আগুন দেওয়া হয় আর দুপুরের দিকে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার পর মুসাদ্দিককে ফোন করে খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
ঘটনার বিষয়ে মুসাদ্দিক আলী আজ রাতে প্রথম আলোকে বলেন, তাঁর পরিবার ঢাকায় থাকে। তবে প্রায়ই গ্রামের বাড়িতেও যায়। তাঁর মেজ ভাই কয়েক বছর ধরেই গ্রামের বাড়িতে থাকছেন। তাঁর বাবা প্রতি সপ্তাহেই ঢাকা থেকে এলাকায় যাওয়া–আসা করেন। গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাঁর বাড়ি আক্রমণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছিল। সেটি দেখে তিনি বাবাকে আপাতত গ্রামের বাড়িতে যেতে নিষেধ করেন। আগুন দেওয়ার সময় বাবা–মা সেখানে না থাকলেও বাড়িতে তাঁর ফুপুসহ আত্মীয়স্বজন ছিলেন।
আঁচ করতে পেরে হামলার এক-দুই মিনিট আগে বাড়িতে থাকা আত্মীয়স্বজনেরা নিরাপদ দূরত্বে সরে যান বলে জানান ডাকসু নেতা মুসাদ্দিক আলী। তিনি অভিযোগ করে বলেন, ‘সাবেক অবৈধ সরকারের মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়িতে আগুন দিয়েছে। মুকসুদপুর থানাও তারা পুড়িয়ে দিয়েছে। ফলে সেখানে আইনি ব্যবস্থা চাওয়ারও সুযোগ নেই। সরকারের ওপরও ভরসা নেই।’