একটা সময় ছিল, যখন বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক সূচক নিয়ে সবাই আশাবাদী ছিলেন। সরকারি হিসাবে ২০১০ থেকে ২০১৯ অর্থবছর পর্যন্ত গড় প্রবৃদ্ধি দেখানো হতো ৬ থেকে ৭ শতাংশ, দারিদ্র্যের হার কমছিল, বিদ্যুতায়ন সম্প্রসারিত হচ্ছিল। কিন্তু ওই পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে তখনই অর্থনীতিবিদদের প্রশ্ন ছিল, আর প্রবৃদ্ধির ভিত্তি যে কতটা ভঙ্গুর, তা সূচকে ধরা পড়ত না।
আজ প্রবৃদ্ধি ৪ শতাংশের আশপাশে, বেসরকারি বিনিয়োগ স্থবির, কর্মসংস্থানের স্থিতিস্থাপকতা ক্রমহ্রাসমান। এই মন্দা কোনো এক অর্থবছরের বা কোনো একক নীতিসিদ্ধান্তের ফল নয়। এক দশকের অমীমাংসিত কাঠামোগত সমস্যা জমতে জমতে এখন হিসাবের খাতায় প্রকাশ পাচ্ছে, আর সমন্বয়ের ব্যয়টি বহন করতে হচ্ছে বর্তমান সময়ের নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের।
প্রশ্নটি হলো, এটি কি চক্রাকার মন্দা, নাকি কাঠামোগত দুর্বলতা? আমার মূল্যায়ন দ্বিতীয়টি। আমরা প্রবৃদ্ধি পেয়েছি, কিন্তু প্রবৃদ্ধির কাঠামোগত ভিত্তি তৈরি করিনি। মোট উপাদান উৎপাদনশীলতা বা টিএফপির অবদান বরাবরই দুর্বল থেকেছে, প্রবৃদ্ধি এসেছে মূলত উপকরণ যোগ করে।
প্রথম কারণ, প্রবৃদ্ধির ভিত্তি ছিল অত্যন্ত সংকীর্ণ। রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক থেকে, আর বৈদেশিক মুদ্রার দ্বিতীয় স্তম্ভ প্রবাসী আয়। এই মাত্রার কেন্দ্রীয়করণ যেকোনো অর্থনীতিকে বাহ্যিক অভিঘাতের সামনে উন্মুক্ত করে দেয়।
পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা দাঁড়িয়ে আছে সস্তা শ্রমের ওপর; উৎপাদনশীলতার ওপর নয়। ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইথিওপিয়া একই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছে। কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা বা ডিজাইন তৈরি ও উচ্চ মূল্য সংযোজনের দিকে না গেলে এলডিসি উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারিয়ে এই খাতের প্রবৃদ্ধি আরও সংকুচিত হবে।
অনুরূপ সীমাবদ্ধতা দেখা যায় প্রবাসী আয়ের ক্ষেত্রেও। আমাদের অধিকাংশ অভিবাসী শ্রমিক অদক্ষ হওয়ায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় তাদের মাথাপিছু আয় অনেক কম। তদুপরি, এই আয়ের সিংহভাগই ব্যয় হচ্ছে পারিবারিক ভোগ এবং জমি ও ফ্ল্যাটের মতো অনুৎপাদনশীল খাতে। যা দেশের দীর্ঘমেয়াদি উৎপাদনশীল মূলধন গঠনে অবদান রাখতে পারছে না।
দ্বিতীয় কারণ, বিনিয়োগ পরিবেশে প্রত্যাশার অনিশ্চয়তা। বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩ থেকে ২৪ শতাংশে আটকে আছে, আর নিট বিদেশি সরাসরি বিনিয়োগ এক শতাংশের নিচে। মূলধন উৎপাদন অনুপাত বা আইসিওআর যেখানে ক্রমে বাড়ছে, সেখানে এই বিনিয়োগ হার দিয়ে ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি গাণিতিকভাবেই অসম্ভব।
একজন উদ্যোক্তা ঋণ নিতে গিয়ে দেখেন উচ্চ সুদহার, কঠিন জামানত শর্ত ও দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া। শিল্পের জমি নিতে গিয়ে দেখেন ভূমির দাম আকাশছোঁয়া, গ্যাস ও বিদ্যুতের সংযোগ অনিশ্চিত। রপ্তানির সময় বন্দরে পণ্যজট আর শুল্ক প্রক্রিয়ার হয়রানি তাঁর লেনদেন ব্যয় বাড়িয়ে দেয়।
তৃতীয় কারণ, আর্থিক মধ্যস্থতার দুর্বলতা। ব্যাংক খাতে শ্রেণীকৃত ঋণের প্রকৃত অনুপাত প্রকাশিত হিসাবের চেয়ে অনেক বেশি, মূলধন পর্যাপ্ততাও চাপে আছে। পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া মূলত এই সত্যই স্বীকার করে নেয় যে ব্যাংক খাত নতুন ঋণ সৃষ্টির সক্ষমতা হারিয়েছে। একই সঙ্গে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেসরকারি খাতকে ক্রাউডিং আউট করছে। পুঁজিবাজার ও বন্ড বাজার গভীরতা অর্জন করেনি, ফলে দীর্ঘমেয়াদি অর্থায়নের একমাত্র উৎস রয়ে গেছে ব্যাংক।