চীনের শেনঝেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৈঠকের সূচনাতেই ট্রাম্প বলেন, তিন নেতা ইতিহাস সৃষ্টি করছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে বলেও জানান তিনি।
বৈঠকে স্বাগত বক্তব্যে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, বিশ্বের দেশগুলো এখন পরস্পরের ওপর নির্ভরশীল। বিচ্ছিন্নভাবে কোনো দেশের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। একই বৈশ্বিক গ্রামে বসবাসের কারণে সব দেশের উত্থান-পতন পরস্পরের সঙ্গে জড়িত। তাই অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
সি চিনপিং বলেন, বড় দেশগুলোর ওপর বিশেষ দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতিতে ইতিবাচক পারস্পরিক যোগাযোগ এখন আর ঐচ্ছিক বিষয় নয়, বরং অপরিহার্য। সাম্প্রতিক বছরগুলোতে চীন রাশিয়ার সঙ্গে সমন্বয়ভিত্তিক সার্বিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।