কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, থানায় আগুন দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সেলফি তুলছেন, ভিডিও করছেন। এ সময় একজন বলছেন ‘দে দে, জয় বাংলা করে দে... এই যে মুকসেদপুর থানা!’ মুকসেদপুর থানা জয় বাংলা করে দেওয়া হয়েছে। ভিডিওতে থানা ভাঙচুর ও অগ্নি সংযোগের পর উপস্থিত নেতা–কর্মীদের উচ্ছ্বাস করতে দেখা যায়।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শ নেতা–কর্মী থানায় প্রবেশ করে থানা চত্বরে রাখা সবগুলো গাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করছেন। তাঁরা থানার প্রতিটি কক্ষে ভাঙচুর চালাচ্ছেন। নিচতলা দোতলা সবখানে আগুন দেন। ঘটনার দুই ঘণ্টা পরও সেখানে আগুন জ্বলছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিস বা কাউকে দেখা যায়নি।