এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ

প্রথম আলো প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্রুতগতির উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের চেয়ে কম সংখ্যা দেখাচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ পদাবনতি করার অভিযোগও রয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার করলেও সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায় পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) বড় প্রকল্প। চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। আর দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে হলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে। অভিযোগ উঠেছে, বর্তমানে দিনে এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে না। অবশ্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দিনে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও