মানুষ কি ১৫০ বছর বাঁচবে, নাকি এটি বিজ্ঞানের এক অসম্ভব স্বপ্ন?
মানুষের চিরকাল বেঁচে থাকার আকাঙ্ক্ষা সভ্যতার মতোই পুরোনো। মৃত্যুকে জয় করার স্বপ্ন মানুষ দেখেছে প্রাচীনকাল থেকে। কখনো অমৃতের সন্ধানে, কখনো দেবতাদের অমরত্বের গল্পে, কখনো আলকেমির রহস্যময় সাধনায়। আধুনিক যুগে সেই স্বপ্নের জায়গা নিয়েছে জিনবিজ্ঞান, কোষ গবেষণা, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ, জৈবপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা। একসময় যে বয়সে পৌঁছানোকে প্রায় অলৌকিক ঘটনা মনে করা হতো, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে এখন সেই বয়স অনেক বেশি মানুষের নাগালে এসেছে। কিন্তু মানুষের আয়ু কি একদিন ১৫০ বছরে পৌঁছাবে? বিজ্ঞান কি সত্যিই বার্ধক্যকে পরাজিত করার পথে এগোচ্ছে, নাকি এটি ধনকুবের ও ক্ষমতাবানদের আরেকটি অসম্ভব স্বপ্ন?
২০২৫ সালের ৩ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনও তাঁদের সঙ্গে ছিলেন। তিন নেতার কথোপকথন সরাসরি সম্প্রচারের সময় হঠাৎ একটি বিষয় সামনে আসে, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। সেটি ছিল মানুষের দীর্ঘায়ু ও অমরত্বের সম্ভাবনা।
কথোপকথনে সি চিন পিং বলেন, এই শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। জবাবে পুতিন বলেন, জৈবপ্রযুক্তির উন্নতির ফলে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে। এভাবে মানুষ আরও দীর্ঘদিন তরুণ থাকতে পারে, এমনকি অমরত্বও অর্জন করতে পারে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন আধুনিক চিকিৎসা ও অঙ্গপ্রতিস্থাপনের অগ্রগতির কথা স্বীকার করেন।
এটি নিছক দুই রাষ্ট্রনেতার কৌতূহলোদ্দীপক আলাপ ছিল না। এর পেছনে রয়েছে বিশ্বজুড়ে দ্রুত বিকশিত হওয়া দীর্ঘায়ু গবেষণা এবং বার্ধক্যকে নিয়ন্ত্রণ করার এক বিশাল বৈজ্ঞানিক ও বাণিজ্যিক উদ্যোগ। বিশেষ করে রাশিয়া ও চীন দীর্ঘায়ু গবেষণায় রাষ্ট্রীয় পর্যায়ে আগ্রহ দেখাচ্ছে। পুতিনের আগ্রহের বিষয়টি নতুন নয়। রাশিয়ায় জিনতত্ত্ব, কোষের পুনর্গঠন, অঙ্গপ্রত্যঙ্গের বিকল্প তৈরি এবং বার্ধক্য প্রতিরোধ নিয়ে গবেষণাকে রাষ্ট্রীয় অগ্রাধিকারের অংশ করার উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে। ২০২৬ সালের মে মাসে প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে পুতিনের দীর্ঘায়ু গবেষণার উদ্যোগের সঙ্গে বিপুল রাষ্ট্রীয় অর্থায়নের সম্পর্ক তুলে ধরা হয়। প্রতিবেদনে অঙ্গপ্রত্যঙ্গ তৈরি, জিনগত গবেষণা, প্রাণীর ওপর পরীক্ষা এবং কোষের পুনর্জীবন নিয়ে নানা উদ্যোগের কথা বলা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। মানুষের গড় আয়ু বেড়ে যাওয়া আর মানুষের সর্বোচ্চ আয়ু ১৫০ বছরে পৌঁছানো কি একই বিষয়? মোটেও নয়। এই দুটি ধারণার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
গড় আয়ু বেড়েছে, সর্বোচ্চ আয়ু কত?
মানুষের গড় আয়ু বৃদ্ধির ইতিহাস চিকিৎসাবিজ্ঞানের অন্যতম বড় সাফল্য। মাত্র এক শতাব্দী আগেও পৃথিবীর বহু দেশে মানুষের গড় আয়ু ছিল ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। সংক্রামক রোগ, অপুষ্টি, শিশুমৃত্যু, প্রসূতিমৃত্যু এবং চিকিৎসার অপ্রতুলতা ছিল অকালমৃত্যুর প্রধান কারণ। বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন, টিকাদান, অ্যান্টিবায়োটিক, উন্নত চিকিৎসাব্যবস্থা, পুষ্টি ও জনস্বাস্থ্যসেবার প্রসারের ফলে পরিস্থিতি বদলেছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৫০ সালে বিশ্বে জন্মকালীন গড় আয়ু ছিল ৪৬ দশমিক ৪ বছর। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে প্রায় ৭৩ দশমিক ৩ বছর। অর্থাৎ সাত দশকের কিছু বেশি সময়ে মানুষের গড় আয়ু বেড়েছে প্রায় ২৭ বছর। তবে এই অগ্রগতির অর্থ এই নয় যে মানুষের সর্বোচ্চ আয়ুও একই হারে বেড়েছে। গড় আয়ু মূলত একটি নির্দিষ্ট সময়ে জন্ম নেওয়া মানুষের সম্ভাব্য আয়ুর পরিসংখ্যানগত হিসাব।
অন্যদিকে সর্বোচ্চ আয়ু হলো একজন মানুষ জৈবিকভাবে কত দিন বেঁচে থাকতে পারেন, তার সীমা। চিকিৎসাবিজ্ঞানের উন্নতিতে অসংখ্য মানুষ এখন ৮০, ৯০ এমনকি ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকছেন। কিন্তু ১২০ বছর অতিক্রম করা এখনো অত্যন্ত বিরল। এ পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে বেঁচে থাকার নির্ভরযোগ্যভাবে প্রমাণিত রেকর্ডটি ফ্রান্সের জ্যাঁ লুইজ কালমঁর। ১৮৭৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই নারী ১৯৯৭ সালের ৪ আগস্ট মৃত্যুর আগে ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন। তাঁর বয়সের পক্ষে জন্মনিবন্ধন, আদমশুমারি ও অন্যান্য ঐতিহাসিক নথি রয়েছে। প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তাঁর রেকর্ড ভাঙতে পারেননি আর কেউ।