সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তি সেবায় বিভ্রাটের খবরের মধ্যে নিজেদের ই-মেইল সেবা জিমেইল সচল থাকার কথা জানিয়েছে গুগল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, জিমেইলে বড় ধরনের কোনো সেবা-বিভ্রাটের প্রমাণ তারা পাচ্ছে না। গুগল ব্যবহারকারীদের জিমেইলের অনলাইন স্ট্যাটাস ড্যাশবোর্ড থেকে সেবাটির তাৎক্ষণিক অবস্থা যাচাই করার পরামর্শও দিয়েছে।
মঙ্গলবার এক্সে জিমেইল সেবা বন্ধ থাকার বিষয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর গুগল এ ঘোষণা দেয়। একই সময়ে অ্যাপলের কয়েকটি সেবায় প্রকৃতপক্ষেই বিভ্রাট দেখা দিয়েছিল। ফলে জিমেইল নিয়েও ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কেউ কেউ সেবা ব্যবহারে সমস্যার কথা জানালেও অনেকে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান।
জিমেইল নিয়ে উদ্বেগের সূত্রপাত হয় বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের একটি পোস্ট থেকে। এই ওয়েবসাইটে ব্যবহারকারীরা বিভিন্ন অনলাইন সেবায় সমস্যার কথা জানাতে পারেন। তবে ডাউনডিটেক্টরের তথ্য কোনো সেবায় প্রকৃতপক্ষে কতটা বা কী ধরনের বিভ্রাট ঘটেছে, তা নিশ্চিত করার আনুষ্ঠানিক উৎস নয়।