পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ
দীর্ঘদিন ধরে ক্যানসার নিয়ে গবেষণা করছেন যুক্তরাজ্যের ক্যানসার বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক চার্লস সোয়ানটন। চিকিৎসকজীবনের অভিজ্ঞতা ও সাম্প্রতিক গবেষণার তথ্যের ভিত্তিতে তিনি দেখেছেন, সম্প্রতি ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসার বাড়ছে। কেন কম বয়সীদের মধ্যেও বাড়ছে ক্যানসারের ঝুঁকি এবং কীভাবে তা কমানো সম্ভব, জানালেন এই ক্যানসার বিশেষজ্ঞ।
২০০৪ সালে যুক্তরাজ্যের রয়্যাল মার্সডেন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজের সময় অধ্যাপক চার্লসের একটি বিষয় জানার আগ্রহ হয়েছিল। গত পাঁচ বছরে ৫০ বছরের কম বয়সী কতজন রোগীর অন্ত্রের ক্যানসার শনাক্ত হয়েছে? হাসপাতালের চিকিৎসার নথিপত্র ঘেঁটে দেখলেন, এমন রোগীর সংখ্যা ৫০ জনেরও কম। তথ্য সংগ্রহ করতে তাঁর বেশ সময় লেগেছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। রোগীদের ক্যানসারের জিনগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনার সময় প্রায় প্রতি সপ্তাহেই ৫০ বছরের কম বয়সী অন্তত একজন, কখনো দু-তিনজন অন্ত্রের ক্যানসারে আক্রান্ত রোগীর কথা উঠে আসে। মাত্র এক দশক আগেও এমন ঘটনা ছিল বিরল।
‘নিজের অভিজ্ঞতা ও গবেষণা থেকে পাওয়া তথ্যমতে, যুক্তরাজ্যে কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসার শনাক্ত হওয়ার হার বেড়েছে। ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ডের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে ২০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে প্রোস্টেট, অন্ত্র, কিডনি, জরায়ু, স্তন, অগ্ন্যাশয় ও যকৃতের ক্যানসার শনাক্তের হার বেড়েছে। ২০০১ সালের তুলনায় এই বয়সীদের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার হার প্রায় চার গুণ হয়েছে। অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যানসারের ক্ষেত্রেও হার বেড়েছে দ্বিগুণের বেশি,’ বললেন চার্লস।
তবে এই পরিসংখ্যান দেখে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তরুণদের মধ্যে ক্যানসারের হার বাড়লেও এখনো তা বয়স্কদের তুলনায় অনেক কম। যেমন ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রতি এক লাখে অন্ত্রের ক্যানসারে আক্রান্তের সংখ্যা প্রায় চারজন থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে। অন্যদিকে বয়স্ক ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের হার প্রতি ১ লাখে ৩০০ জন পর্যন্ত হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ক্যান্সারের ঝুঁকি
- পঞ্চাশোর্ধ