মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে কার্যালয়টিতে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয়সংবলিত ভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে কাচের দরজা থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তাঁরাও ওই ভবনে ছিলেন।