দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং খাতের সংকট দিন দিন গভীর হচ্ছে। একদিকে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বড় অংশ লোকসানে, অন্যদিকে অনেক কোম্পানির নিট সম্পদমূল্য ঋণাত্মক হয়ে পড়েছে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।
পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ফেরত দিতে সরকারের কাছে হাজার কোটি টাকার বেশি অনুদান চেয়েছে বাংলাদেশ ব্যাংক। সবমিলিয়ে নয়টি আর্থিক প্রতিষ্ঠানের আমানত পরিশোধে সম্ভাব্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ দাঁড়াতে পারে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা।
এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩টি লিজিং কোম্পানির মধ্যে ১৩টিই লোকসানের মধ্যে পতিত হয়েছে। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোর লোকসান দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। বিপরীতে মুনাফা করেছে সাতটি। বাকি তিনটি প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
এ পরিস্থিতিতে লিজিং খাতের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, তিন-চারটি প্রতিষ্ঠান ছাড়া অন্য লিজিং কোম্পানিগুলোর টিকে থাকার সম্ভাবনা নেই। অতিরিক্ত প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া, যথাযথ তদারকির অভাব, প্রতারণা এবং ঋণ আদায় করতে না পারার কারণে এ খাতের এমন অবস্থা হয়েছে। বেশিরভাগ লিজিং কোম্পানির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে সেগুলো পুনরুদ্ধারের সম্ভাবনা কম। এসব প্রতিষ্ঠান তালিকাচ্যুত করা উচিত। তবে এ ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।