ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের সড়কে অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
সরেজমিনে দেখা গেছে, সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষের কারণে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সড়কগুলোতে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে।