সরকারি অর্থ-ব্যবস্থাপনায় কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের মাঝামাঝি থেকে ঋণঝুঁকি মূল্যায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক দুটি নতুন সূচক ব্যবহার শুরু করবে।
প্রচলিত ‘ঋণ ও জিডিপির অনুপাত’-এর পাশাপাশি বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা দুটি এখন খতিয়ে দেখবে, সরকারের রাজস্ব আয়ের কত অংশ সুদ পরিশোধে ব্যয় হচ্ছে।
একইসঙ্গে বাজেট ঘাটতি এবং ঋণের আসল পরিশোধে সরকারকে প্রতি বছর অর্থনীতির আকারের তুলনায় কী পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তাও পরিমাপ করা হবে।
অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনে আইএমএফের কর্মকর্তারা নতুন মূল্যায়নের কথা তুলে ধরেন। গত সোমবার শেষ হওয়া এ সম্মেলনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
২০২৫ সালে দেশের সরকারি রাজস্বের প্রায় ৩০ শতাংশই ব্যয় হয়েছে সুদ পরিশোধে। আর চলতি অর্থবছরে সুদ পরিশোধের ব্যয় দেড় লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন।