গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র ২৪ দিন বাকি। এর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য ভারতকে নতুন করে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এর আগে জুন ও আগস্টে এ বিষয়ে যোগাযোগ করা হলেও আলোচনার কোনো সূচি এখনো পাওয়া যায়নি।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি লিখে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ও চুক্তি নিয়ে বাংলাদেশের কারিগরি কমিটির প্রধান রাশেদ আল মাহমুদ তিতুমীর দ্য ডেইলি স্টারকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে গত জুনে দিল্লিকে জানায় বাংলাদেশ। একইসঙ্গে ভারতের কমিটিতে কারা থাকবেন, তা জানাতেও অনুরোধ করা হয়। আগস্টে আবারও একই অনুরোধ জানিয়ে ভারতকে কমিটি গঠন ও আলোচনা শুরুর আহ্বান জানায় বাংলাদেশ।
ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হওয়ার আগেই ভারত আনুষ্ঠানিক আলোচনা শুরুর উদ্যোগ নেবে বলে আশা করছে ঢাকা।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, ‘বিশেষজ্ঞরা অন্তর্বর্তী মেয়াদে চুক্তি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। তবে এ ধরনের মেয়াদ বাড়াতে হলে ভারতেরও সম্মতি প্রয়োজন।’
‘আলোচনার জন্য নির্বাহী পর্যায় প্রস্তুত। কিন্তু সিদ্ধান্ত আসতে হবে রাজনৈতিক পর্যায় থেকে। সর্বোচ্চ পর্যায়ের শীর্ষ বৈঠক ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়,’ বলেন তিনি।
আনুষ্ঠানিক আলোচনা বা অন্তর্বর্তী পানিবণ্টন ব্যবস্থার বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা করেনি নয়াদিল্লি।