দেশে চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। বেশির ভাগ মানুষের প্রকৃত আয়, কেনার সামর্থ্য কমে গেছে। বিশ্বব্যাংক, আইএমএফ ও জাতিসংঘের প্রতিবেদন বলছে, চার বছরে দারিদ্র্য বেড়েছে ৮০ লাখের বেশি। ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মাঝে আছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, দেশে ৬ কোটি ১০ লাখ মানুষ এতটাই খাদের কিনারে দাঁড়িয়ে যে পরিবারের কারও অসুখবিসুখ থেকে শুরু করে যেকোনো ধাক্কা তাঁদের গরিবের কাতারে নামিয়ে দিতে পারে।
এ রকম অর্থনৈতিক বাস্তবতায় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নেওয়া সরকারের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যেতে পারে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের দিকে তাকালেই সেটা আরও স্পষ্ট হয়।
মানুষকে বছরের পর বছর ধরে এটা-সেটা কাটছাঁট করে, ধারকর্জ করে, কায়দা করে টিকে থাকতে হয়, সেই ধরনের অর্থনৈতিক বাস্তবতা যেকোনো সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ উসকে দেওয়ার জন্য যথেষ্ট। ফ্রান্স থেকে শুরু করে ইউরোপজুড়ে জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে আন্দোলন চলছে। এ সব আন্দোলন রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটও তৈরি করে দিচ্ছে।
বাংলাদেশে পোশাকশিল্পের শ্রমিকেরা এক মাসের বেশি সময় ধরে মজুরি বৃদ্ধির আন্দোলনে নেমেছেন। প্রতিদিন তাঁরা রাস্তায় নামছেন। কারখানা বন্ধ রাখতে হচ্ছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘাত হচ্ছে। গাজীপুর ও সাভারে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। মালিকেরা বলেছেন, শ্রমিকেরা কাজ না করলে তাঁরা মজুরি ছাড়া কারখানা বন্ধ করে দেবেন।
- ট্যাগ:
- মতামত
- শ্রমিক আন্দোলন