স্যুটকেসের ভেতর জ্যান্ত সাপ পাওয়ায় যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে স্ক্রিনিং বা নিরাপত্তা তল্লাশি সাময়িকভাব বন্ধ রাখতে হয়েছে। সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্টারিও আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা।
‘পিপল’ ম্যাগাজিনের খবর অনুসারে, এক যাত্রীর চেক-ইন করা স্যুটকেসের ভেতর দুটি জ্যান্ত সাপ পাওয়া যায়। এর মধ্যে একটি ছিল র্যাটলস্নেক (বিষধর সাপ)।
নিরাপত্তা তল্লাশির সময় কর্মকর্তারা প্রথমে একটি সবুজ বালিশের কভারের ভেতর দড়ির মতো কিছু একটা দেখতে পান, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারেন যে সেটি নড়াচড়া করছে।
১৩ নভেম্বর প্রকাশিত টিএসএ (TSA - Transportation Security Administration)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাপ পাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি কার্যক্রম কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়, যাতে সবার নিরাপত্তা নিশ্চিত করা যায়।
লাগেজ তল্লাশির সময় টিএসএ কর্মকর্তা বেঞ্জামিন আন্দ্রেড-কারিলো সবুজ রঙের বালিশের কভারটি দেখতে পান। ভেতরে থাকা বস্তুটি যে জীবন্ত, তা বুঝতে পেরে তিনি দ্রুত তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।