দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ মাত্রার। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষতি কিংবা সুনামির কোনো সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রায় আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে অস্ট্রেলিয়া পর্যন্ত। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানান।