রাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবার যে কোম্পানির অফিসে ঢুকে একদল যুবক এলোপাতাড়ি গুলি চালিয়েছে, সেখানে গত চার মাস ধরেই চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল একটি ‘সন্ত্রাসী চক্র’।
রোববার সন্ধ্যায় ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ কার্যালয়ে ওই ঘটনায় গুলিবিদ্ধ হন দুই কর্মী। এ আইএসপির ব্যবস্থাপকের দাবি, এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে এক লাখ টাকা করে চাঁদা চাওয়া হয়েছিল তাদের কাছে।
এই হামলার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ইন্টারনেট সেবার কোম্পানিগুলোর মধ্যে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, একসময় ঢাকার কেবল টিভি বা ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যে সংঘাত, হামলা ও খুনোখুনি চলত, ইন্টারনেট ব্যবসাকেও এখন সেই পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বলছে, চাঁদার দাবিতে হামলা ও হুমকির বিষয়ে প্রতি মাসেই ডজনখানেক অভিযোগ পাচ্ছে তারা।
কিন্তু এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যালয় পরিদর্শন, ভুক্তভোগী ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানানো ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের নেই।
ঢাকা মহানগর পুলিশের তদন্তসংশ্লিষ্ট তথ্য এবং বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদন বলছে, ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও এলাকার আধিপত্যের দ্বন্দ্বে গত দেড় বছরে রাজধানীতে অন্তত দুজন নিহত হয়েছেন। দুজনই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা বা কর্মী ছিলেন।