রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, জিয়াউল জেলখানা থেকে অডিও ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ সোমবার এ আদেশ দিয়েছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।
শাপলা চত্বর মামলার বিচারকাজে জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার সুযোগ দিতে আবেদন করা হয়েছিল বলে জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাইবুনাল আজ শুনানি শেষে তাঁদের আবেদনটি মঞ্জুর করেছেন। এখন থেকে শাপলা চত্বরের মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করানো হবে। এ আদেশ শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে নয়, এই মামলার যেকোনো আসামির ক্ষেত্রে প্রযোজ্য। যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন অথবা যদি অনিয়ন্ত্রিত আচরণ করেন বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, যেমন হাতকড়া পরতে না চাওয়া, আসতে না চাওয়া অথবা যেসব কাস্টমস অ্যান্ড প্রাকটিস (রীতি ও চর্চা) এখানে আছে, সেগুলো মানতে না চাইলে যেকোনো আসামিকে ভার্চ্যুয়ালি হাজির করা হবে। এই আদেশ আজকে হয়েছে।