বাংলাদেশের নাগরিক হলেই কেউ পাসপোর্ট পান না, বিশেষ করে দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের নাগরিক হলেই যে তিনি পাসপোর্ট পাবেন—এমন কোনো নিশ্চয়তা নেই। কেউ যদি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তবে সরকার তাঁর পাসপোর্ট ইস্যু করতে আইনত বাধ্য নয়।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা দোষী সাব্যস্ত ও দণ্ডপ্রাপ্ত হয়েছেন। ফলে পাসপোর্টের জন্য তাঁর সাম্প্রতিক আবেদন বা ট্রাভেল পাসের মাধ্যমে ফেরার কোনো সুযোগ নেই।