বর্তমান রাজনৈতিক ও দেশের নানামুখী বিতর্কের মধ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সব পদক্ষেপ ইতিবাচকভাবে বাস্তবায়নের প্রচেষ্টা রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমদানিনির্ভর নীতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছিল, তার পরিস্থিতির বাস্তব চিত্রটি এখন দৃশ্যমান। সাথে অর্থপাচার, ব্যাংক থেকে অবৈধভাবে নেওয়া ঋণের চাপ এবং লাগামহীন অর্থনৈতিক লুটপাটের ফলে আজকের এই অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। তা সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সরকারের চেষ্টা অব্যাহত আছে।
নিত্যপণ্যের উচ্চমূল্য এবং সার ও জ্বালানি সরবরাহে ত্রুটির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও রাজনৈতিক দলগুলোর সমালোচনা বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি দলের রাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতাদের জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি। জনসম্পৃক্ত কর্মসূচিও দরকার।
দেশের অর্থনৈতিক ভঙ্গুরতা কাটিয়ে ৩০ লাখ কোটি টাকার ঋণভার সামলে দলের চেয়ারম্যান দেশ পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করছেন। পাশাপাশি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে একাধিক প্রার্থী সামলানো বিএনপির জন্য এক বড় সাংগঠনিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই তাদের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। যেকোনও সংকট উত্তরণে বিএনপিকে রাজনৈতিকভাবে তীক্ষ্ণ ও বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করার বিকল্প নেই।
জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী ও ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জন্ম নেওয়া এনসিপির রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে দীর্ঘদিনের রাজনৈতিক দল (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলোর রাজনৈতিক লক্ষ্য ও চাহিদার মৌলিক তফাৎ রয়েছে। এই তফাৎটি সাধারণ জনগণ দুইভাবেই উপলব্ধি করছেন এবং ভবিষ্যতেও করবেন।
উল্লেখ্য, বিগত একতরফা আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে ছিল জাতীয় পার্টি।
প্রধান রাজনৈতিক দল বিএনপি দীর্ঘ প্রায় ১৭ বছর যাবৎ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন-সংগ্রাম করেছে। এই সংগ্রাম, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং জন-আকাঙ্ক্ষার তফাৎটি সবার কাছেই পরিষ্কার।
গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং সুদূর লন্ডন থেকে বিএনপির দ্বিতীয় প্রধান নেতা (বর্তমানে প্রধানমন্ত্রী) তারেক রহমানের ১৭ বছরের নিরলস প্রচেষ্টা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বর্তমানে রাষ্ট্রপতি)-সহ দলের সিনিয়র নেতারা এবং দেশব্যাপী প্রায় ৬০ লাখ নেতাকর্মী মামলার আসামি হয়েছেন, অনেকে খুন ও গুমের শিকার হয়েছেন।