গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের স্বার্থে সরকার পরিচালনার প্রশ্নে সরকার, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক শক্তি কখনোই আলাদা তিনটি সত্তা নয়, বরং একটি অভিন্ন বৃত্তের তিনটি বিন্দু। এই বৃত্ত যতটা দৃঢ় থাকে, রাষ্ট্র ততটাই স্থিতিশীল হয়। কিন্তু এই দৃঢ়তা এমনিতেই তৈরি হয় না, প্রতিদিনের প্রশাসনিক কাজের মধ্য দিয়েই তা গড়ে ওঠে বা ভেঙে পড়ে।
সরকারের সবচেয়ে বড় সম্পদ তার ভাবমূর্তি, আর এই ভাবমূর্তি একদিনে তৈরি হয় না; মূলত সরকার পরিচালনায় সুশাসন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমেই তা গড়ে ওঠে। একটি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সদিচ্ছা যত ভালোই হোক না কেন, তার প্রতিফলন যদি মাঠপর্যায়ে না পৌঁছায়, তাহলে সেই সদিচ্ছার কোনো মূল্য থাকে না।
দীর্ঘ আওয়ামী ফ্যাসিস্ট শাসনের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে পতনের পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে বিপুল ম্যান্ডেট নিয়ে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র নেতৃত্বে এসেছে, তার একটি বিশেষ তাৎপর্য আছে। এই ম্যান্ডেট কেবল একটি নির্বাচনি বিজয় নয়, এটি এক ধরনের ঋণ—যে ঋণ শোধ করতে হবে সমাজে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও সুশাসনের মাধ্যমে। জনগণ যখন পুরনো শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তখন তাদের প্রত্যাশা ছিল একটাই, ক্ষমতার অপব্যবহার এবং লাগামহীন দুর্নীতি বন্ধ হবে। এই প্রত্যাশাটা যদি কোনো কারণে নতুন করে ভাঙতে শুরু করে, তাহলে তার রাজনৈতিক মূল্যটা অনেক বড় হয়ে উঠবে। জনগণ ও দলের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ভাঙনের পেছনে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে দলের ভেতরে ঢুকে পড়া কতিপয় ধান্দাবাজ ও সুযোগসন্ধানী চক্র। ওই চক্রটাই নিজেদের স্বার্থ হাসিলের জন্য দলীয় পরিচয়কে ব্যবহার করবে; তারা তা যেন ব্যবহার করতে না পারে, তার মূল দায়িত্বটা পালন করতে হবে দায়িত্বশীল নেতৃত্বকে।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে মাঠপর্যায় থেকে যে ধরনের অভিযোগ প্রকাশিত হচ্ছে, তার ধরনগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন কিছু নয়। ক্ষমতার পালাবদলের পরে সাধারণত কয়েকটি নির্দিষ্ট প্যাটার্নে অনিয়ম দেখা যায়। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব খাটানোর প্রবণতা একটি পুরনো সমস্যা; খাসজমি, হাটবাজারের ইজারা কিংবা নদীর তীরবর্তী সম্পত্তি বা বালু উত্তোলনসহ অনেক কিছু দখল করার প্রতিযোগিতা পুরনো সংস্কৃতি।
তৃণমূল থেকে যেকোনো পর্যায়ে দলীয় পরিচয় ব্যবহার করে নিজেদের সুবিধা আদায় করার প্রবণতা মূলত দীর্ঘ সময়ের ঔপনিবেশিক রাজনৈতিক সংস্কৃতির অংশ। এই প্রবণতাকে বিরোধী মতাবলম্বী তকমা দিয়ে হেনস্তা করার চর্চা যেকোনো শাসনামলেই পুনরাবৃত্ত হতে দেখা যায়। এই প্যাটার্নগুলো চিহ্নিত করার উদ্দেশ্য কাউকে অভিযুক্ত করা নয়, বরং এটা বোঝানো যে প্রাতিষ্ঠানিক সতর্কতা না থাকলে ইতিহাস কীভাবে নিজেকে পুনরাবৃত্তি করে।
সরকারের নীতিনির্ধারণী জায়গায় কোনো ঘাটতি থাকলেই সরকারি দলের কিছু মানুষের অসদাচরণের দায় সরকারকে বহন করতে হয়। প্রশাসনিক বাস্তবতায় সরকার আর ক্ষমতাসীন দল আলাদা করে দেখার সুযোগ জনগণের কাছে থাকে না। কেন্দ্রীয় পর্যায়ে যত ভালো সিদ্ধান্তই নেওয়া হোক, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব যাদের হাতে, তারাই যদি নিজেদের স্বার্থে সেই সেবা আটকে দেয় বা বিলম্বিত করে, তাহলে সাধারণ মানুষ সরকার ও দলীয় ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না; ফলে দায়টা এসে পড়ে সরাসরি সরকারের ঘাড়ে, যদিও প্রকৃত অপরাধ ঘটেছে একেবারে ভিন্ন স্তরে।