আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। আইসিসি বোর্ডের পরিচালকদের প্রস্তাবের পর বালিতে অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি।
জয় শাহর নেতৃত্বের প্রতি আস্থা এবং ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। বিশ্বজুড়ে ক্রিকেটের সম্প্রসারণ, দর্শক-সমর্থক বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে কাজ করছে সংস্থাটি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয় শাহ। আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাঁদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বের ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’