দেশের ৯টি শহরে একযোগে অনুষ্ঠিত দুই দিনের হ্যাকাথনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ পর্বের প্রকল্প মূল্যায়ন।
শনিবার এ প্রতিযোগিতার সমাপনী দিনে ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ’ বা এআইইউবি ক্যাম্পাসে দেশের ৯টি শহরের ছয় শতাধিক দলের জমা দেওয়া প্রকল্প মূল্যায়ন করেছেন শতাধিক বিচারক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা বলেছেন, এবারের প্রতিযোগিতায় অংশ নিতে মোট ৪ হাজার ৬৫৭ জন নিবন্ধন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো অনলাইনে নিজেদের তৈরি প্রকল্প, অ্যাপ্লিকেশন ও ভিডিও উপস্থাপনা জমা দিয়েছে।