বেশির ভাগ দোকানি পণ্য বিক্রির জন্য ক্রেতাদের আকৃষ্ট করতে নানা কৌশল অবলম্বন করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক ব্যবসায়ী ঠিক উল্টো কাজ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন। ক্রেতাদের পণ্য কিনতে নিরুৎসাহিত করেন তিনি। এমনকি নিজের পণ্যকে বাজে বলতেও দ্বিধা করেন না। অথচ তাঁকে একনজর দেখতে এবং তাঁর দোকান থেকে স্কার্ফ (দক্ষিণ কোরিয়ায় মাফলার হিসেবে ব্যবহৃত হয় এমন কাপড়) কিনতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ব্যবসায়ী পরিচিতি পেয়েছেন ‘নামদেমুন স্কার্ফ ম্যান’ নামে। সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন বাজারের একটি ছোট দোকানে স্কার্ফ বিক্রি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে ক্রেতাদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা কি জানতেন না, এখানে শুধু বাজে জিনিসপত্র বিক্রি হয়? আপনারা কি কুকুরের ঘরের জন্য স্কার্ফ কিনতে এসেছেন?’
আসলে পণ্য বিক্রির প্রচলিত কৌশলের বিপরীতে ক্রেতাদের সঙ্গে রসিকতা করেন তিনি, তাঁদের কেনাকাটার অভ্যাস নিয়ে ঠাট্টা করেন। কখনো কখনো এমন কথাও বলেন, এই ব্যবসা ছেড়ে দেওয়াই তাঁর জন্য ভালো হবে। তাঁর এই ব্যতিক্রমী আচরণই যেন ক্রেতাদের আরও বেশি আকৃষ্ট করছে।